জুলাই ২২, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর একটি দুর্ঘটনার প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, চীন সংকটকালে দ্রুততম সময়ের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, যা দুই দেশের জনগণের মধ্যে সুখে-দুঃখে পাশে থাকার আন্তরিক বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ।
এ সময় দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, স্বাস্থ্য ও চিকিৎসাক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করা এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায় গড়ে তোলার মাধ্যমে দুই দেশের জনগণকে আরও বেশি সুবিধা দিতে চীন প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ উপস্থিত অন্যান্য কূটনীতিকদের স্মারক ব্যাজ প্রদান করেন। এছাড়া, তিনি চীনা মেডিকেল দলের উদ্দেশ্যে লেখা একটি ধন্যবাদপত্র রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধানগণ, ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ এবং সামরিক প্রতিনিধিরা।
শুভ/হাশিম
তথ্য ও ছবি: চীনা দূতাবাস।







