জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার জাতিসংঘে মানবিক বিষয়ক সাধারণ বিতর্কে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই।
সুন লেই বলেন, সশস্ত্র সংঘাত, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বে মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এতে ব্যাপক প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্ভোগ বাড়ছে।
মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা ও স্বাধীনতার মতো মৌলিক মানবিক নীতি মেনে চলার আহ্বান জানান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা, সহায়তা গ্রহণকারী দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং মানবিক ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার ওপর গুরুত্বারোপ করেন।
সুন লেই দাতা দেশগুলোকে তাদের আর্থিক প্রতিশ্রুতি পূরণ এবং সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বানও জানান। সেই সঙ্গে জাতিসংঘকে সীমিত সম্পদ ন্যায্যভাবে বণ্টন করে দীর্ঘমেয়াদি ও অর্থসংকটে থাকা মানবিক সংকটগুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ধারণা অনুসরণ করে চীন উন্নয়নশীল দেশগুলোকে মানবিক সহায়তা, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন ও পুনর্গঠনে সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও চীন জাতিসংঘের মানবিক সংস্থাগুলোকে স্থিতিশীল সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
ফয়সল/লুৎফর
তথ্য ও ছবি: সিজিটিএন।














