বাবার জন্য ভাত দিতে গিয়ে ট্রাক চাপায় হুসাইন (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সময় প্রান্ত নামের অপর এক শিশু সামান্য আহত হয়। আজ সকাল সাড়ে ৮ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ঝিনাইদহ সদরের নৃসিংহপুর নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হুসাইন কয়েরগাছি গ্রামের শাহিন রহমানের ছেলে এবং যশোরের একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করছিল।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, সকাল ১০টার দিকে বাইসাইকেল যোগে হুসাইন তার বাবার জন্য নৃসিংহপুর ইটভাটাই খাবার নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ভাটার সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি খড়ির ট্রাক পিছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে সাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে হুসাইন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে রাস্তার পাশে পড়ে আহত হয় ওই সাইকেলে থাকা হুসাইনের বন্ধু প্রান্ত। প্রান্তকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।



















