রাজধানীর আগারগাঁওয়ে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবি নিয়ে বৃহস্পতিবার সরকারি চাকরিজীবীরা ব্যাপক বিক্ষোভ করেছেন। এই বিক্ষোভ ছিল বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ঘোষিত তিন দিনের বিশেষ কর্মসূচির শেষ দিন।
সমন্বয় পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি মানার সুনির্দিষ্ট ঘোষণা না দিলে কঠোরতর কর্মসূচি নেওয়া হবে। এর অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই টানা আন্দোলনের প্রভাবে দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে চরম স্থবিরতা বিরাজ করছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ থমকে যাওয়ায় সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছেন।
আন্দোলনরত সরকারি কর্মচারীদের দাবি, দীর্ঘ সাত বছর ধরে বেতন না বাড়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারা মানবেতর জীবনযাপন করছেন।



















