রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

১৭ সংস্থা থেকে ৬৪ শতাংশ পর্যবেক্ষক নিয়োগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ২:২২ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ৮১টি নিবন্ধিত দেশীয় পর্যবেক্ষক সংস্থা থেকে মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ৩০০ নির্বাচনি আসনে দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যে মাত্র ১৭টি পর্যবেক্ষক সংস্থা থেকেই নিয়োগ পেয়েছেন ৩৫ হাজার ৪২৭ জন, যা মোট পর্যবেক্ষকের প্রায় ৬৪ শতাংশ। নির্দিষ্ট কিছু সংস্থা থেকে বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কিছু পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

নির্বাচন কমিশনের অনুমোদিত তালিকা অনুযায়ী, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) নামের একটি বেসরকারি সংস্থা থেকেই এককভাবে ১০ হাজার ৫৫৯ জন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও কুড়িগ্রামভিত্তিক নামসর্বস্ব গরিব উন্নয়ন সংস্থা থেকেও বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ পেয়েছেন।

দেশীয় পর্যবেক্ষকদের পাশাপাশি এবার ৩৯টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করবেন।

নির্বাচন কমিশনের বক্তব্য

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ ইত্তেফাককে বলেন, “কোনো পর্যবেক্ষক সংস্থার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কমিশন তাত্ক্ষণিক ব্যবস্থা নেবে। কোনো সংস্থা বা পর্যবেক্ষকের রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কমিশন সর্বদা প্রস্তুত।”

পর্যবেক্ষক অনুমোদনের চিঠি

গত মঙ্গলবার ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে ৮১টি পর্যবেক্ষক সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন দেশীয় পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। ওই তালিকায় দেখা যায়, ১৭টি সংস্থা থেকেই অনুমোদন পেয়েছেন ৩৫ হাজার ৪২৭ জন পর্যবেক্ষক।

শীর্ষ ১৭টি সংস্থার পর্যবেক্ষক সংখ্যা

  • পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা): ১০,৫৫৯ জন
  • কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট (কার্ড): ৩,৮৬১ জন
  • রিয়ান মনি সোসাইটি: ২,৬৯৭ জন
  • সংগতি সমাজ কল্যাণ সংস্থা: ২,৬০৪ জন
  • রিসডা বাংলাদেশ: ১,৬৪৫ জন
  • বিবি আছিয়া ফাউন্ডেশন: ১,৬৩৫ জন
  • ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ: ১,৫৩৫ জন
  • হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস): ১,১৮৫ জন
  • গ্রামীণ ইকোনমিক অ্যান্ড সোস্যাল এডভান্সমেন্ট (জিসা): ১,১৭৯ জন
  • রশ্মি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরএইচডিও): ১,১৬৩ জন
  • চারু ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ): ১,১৪৬ জন
  • গরিব উন্নয়ন সংস্থা: ১,০৭৮ জন
  • বিচরণ কল্যাণ সংস্থা: ১,০৬৭ জন
  • বাকেরগঞ্জ ফোরাম: ১,০৫০ জন
  • একটিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন: ১,০৩৫ জন
  • অ্যাসোসিয়েশন ফর সোসিও ইকোনমিক অ্যাডভান্সমেন্ট (এসিয়া): ১,০০৩ জন
  • সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস: ৯৮৫ জন

প্রশ্নবিদ্ধ সংস্থাগুলোর তথ্য

পাশা ২০১৪ সালে এনজিও ব্যুরো থেকে নিবন্ধন পায় এবং ২০১৮ সালের নির্বাচনে পর্যবেক্ষণ করেছিল। এ বিষয়ে পাশার সেক্রেটারি মোহাম্মদ ফরিদ খান ইত্তেফাককে বলেন, “২০১৮ সালে প্রতি আসনে ২০ জন করে পর্যবেক্ষক ছিল। এবার খান ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষণ করছি।” তবে মোট পর্যবেক্ষকের সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি।

নামসর্বস্ব গরিব উন্নয়ন সংস্থার ঠিকানা কুড়িগ্রামের কোদালকাঠি এলাকায়, যা মূলত সংস্থাটির নির্বাহী পরিচালক আবদুল লতিফের বাড়ি। এক কক্ষের ওই অফিসে কর্মী রয়েছেন বাবা-ছেলে। তবুও প্রতিষ্ঠানটি ১ হাজার ৭৮ জন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে।

ইম্প্যাক্ট ইনিশিয়েটিভের দায়িত্বে রয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, যিনি বর্তমানে ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান। এই সংস্থা থেকে ১ হাজার ৫৩৫ জন পর্যবেক্ষক অনুমোদন পেয়েছেন।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) থেকে অনুমোদন পেয়েছেন ১ হাজার ১৮৫ জন। এই দুটি সংস্থা মিলে ‘ভয়েস নেটওয়ার্ক’ নামে একটি মোর্চা গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন ডাকসু নির্বাচন পরিচালনায় নিয়োজিত একজন সাবেক নির্বাচন কমিশনার।

এছাড়াও রিসডা বাংলাদেশ ও বাকেরগঞ্জ ফোরাম যৌথভাবে ‘ইডব্লিউএ’ নামে আরেকটি মোর্চা গঠন করেছে।

সবচেয়ে বেশি পর্যবেক্ষক যেসব আসনে

সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগ পেয়েছে কুড়িগ্রাম-২ আসনে (৫৩২ জন), যশোর-৬ (৫১০), ভোলা-৪ (৪৯৯), খুলনা-২ (৪৪৮), যশোর-৩ (৪৪৭), বরগুনা-১ (৪৩৯), বরিশাল-১ (৪৩৬), বরগুনা-২ (৪২২), জামালপুর-৫ (৪২০), কুড়িগ্রাম-১ (৪০৫), ঢাকা-১৪ (৩৯৯), বাগেরহাট-২ (৩৯৮), গাইবান্ধা-১ (৩৯৬), পটুয়াখালী-২ (৩৯২), হবিগঞ্জ-১ (৩৯০), যশোর-৪ (৩৮৯), গাইবান্ধা-৩ (৩৮৭), যশোর-২ (৩৮৬), হবিগঞ্জ-২ (৩৭৮), জামালপুর-৪ (৩৬৪), মৌলভীবাজার-৩ (৩৬৪), পটুয়াখালী-১ (৩৬২), যশোর-৫ (৩৬১), হবিগঞ্জ-৩ (৩৫৯), বরিশাল-২ (৩৫৭) এবং ঝিনাইদহ-২ আসনে (৩৫১ জন)।

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক

২৪টি আন্তর্জাতিক গণমাধ্যমের ৪৩ জন বিদেশি সাংবাদিক এবং সহযোগী হিসেবে দুই জন বাংলাদেশি সাংবাদিকসহ মোট ৪৫ জন সাংবাদিককে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের মধ্যে রয়েছেন পাকিস্তান, ভারত, মালদ্বীপ, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, তুরস্ক, চীন, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, পোল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইডেন, ইতালি, সিঙ্গাপুরসহ মোট ৩৯টি দেশ ও সংস্থা।

এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ জন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ২৫ জন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ৫ জন, ভয়েস ফর জাস্টিস–ইউকের ৮ জন এবং ওআইসি, এসএনএএস আফ্রিকা, জিন্ডাল ইউনিভার্সিটিসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা।

সর্বশেষ - খেলাধুলা