জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে রাষ্ট্র শাসন করা কোনো দলই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতিমুক্ত ছিল। বরং একটি দল দুর্নীতিতে চারবার ‘চ্যাম্পিয়ন’ও হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০ দলীয় জোটের আরেকটি সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, যারা বড় গলায় কথা বলেন, বাস্তবে তাদের হাতেই মা-বোনেরা বেশি নির্যাতনের শিকার হন। এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “সাধু সাবধান, আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। নইলে ভেতরের সবকিছু প্রকাশ করে দেব।”
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে ঘরে, চলাচলের পথে এবং কর্মস্থলে মা-বোনদের শতভাগ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, জামায়াত কারও বিরুদ্ধে লাগালাগি বা খোঁচাখুঁচিতে বিশ্বাস করে না। তবে উসকানি দিলে তার জবাব দিতে তারা বাধ্য হবে। “এ কাজে আমাদের বাধ্য করবেন না,” বলেন তিনি।
সমাবেশে সিরাজগঞ্জে গুঁড়া দুধের কারখানা স্থাপন এবং তাঁতশিল্পসহ বন্ধ হয়ে যাওয়া সব শিল্পকারখানা পুনরায় চালুর প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির।
নিজেদের সংগঠন সম্পর্কে তিনি বলেন, জামায়াত প্রায় সাড়ে তিন কোটি মানুষের সংগঠন হলেও তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।



















