ফিলিপাইনে চীনা দূতাবাস প্রথমবারের মতো ‘ওপেন হাউস ডে’ আয়োজন করেছে। শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে এক হাজারেরও বেশি মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দূতাবাস পরিদর্শনের পাশাপাশি চীনের ঐতিহ্যবাহী নৃত্য, কুচেং বাদ্যযন্ত্রের পরিবেশনা এবং শাওলিন কুংফু প্রদর্শনী উপভোগ করেন।
এ ছাড়া তারা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) সম্পর্কে পরামর্শ নেন, চীনা ঐতিহ্যবাহী পোশাক পরেন এবং চীনা ক্যালিগ্রাফি, স্টোন রাবিং (পাথরের ছাপ তৈরির শিল্প) ও গোলাকার হাতপাখা সাজানোর মতো বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন।
ফিলিপাইনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চিং ছুয়ান বলেন, চীন-ফিলিপাইন সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে দুই দেশের জনগণের পারস্পরিক বন্ধুত্বের ওপর। তিনি আশা প্রকাশ করেন, বাণিজ্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে জনগণের মধ্যে আরও বেশি যোগাযোগ ও সহযোগিতা বাড়বে, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও স্থিতিশীল করবে।
চীনা দূতাবাস জানায়, ফিলিপাইনে জনসাধারণের জন্য আয়োজিত এটিই দূতাবাসের প্রথম ‘ওপেন হাউস ডে’। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় মানুষ সরাসরি বিভিন্ন সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন, যা তাদের চীনা সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা এবং চীনকে আরও ভালোভাবে জানতে সহায়তা করবে।
সূত্র: সিএমজি











