কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকায়ন এগিয়ে নিতে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি জোর দিয়ে বলেন, কঠোর পরিশ্রম ও প্রজ্ঞার মাধ্যমে কৃষকদের আরও উন্নত জীবন গড়ে তুলতে উৎসাহিত করতে হবে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনকারী সি বুধবার পূর্ব চীনের শানতোং প্রদেশের তেছৌ শহর পরিদর্শনের সময় এ কথা বলেন।
তিনি বলেন, কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকায়ন চীনা ধাঁচের আধুনিকায়নের সামগ্রিক উন্নয়ন ও মানোন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সি বলেন, কৃষি উৎপাদনের সক্ষমতা, গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি, শস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিতকরণ এবং স্থানীয় বাস্তবতার ভিত্তিতে বাসযোগ্য, ব্যবসাবান্ধব, সম্প্রীতিপূর্ণ ও সুন্দর গ্রাম গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তেছৌর লিংছেং জেলার তোংইউচিয়া গ্রামে সি স্থানীয় কৃষি উৎপাদন সম্পর্কিত প্রতিবেদন শোনেন এবং গম কাটার অগ্রগতি, ভুট্টা চাষ ও কৃষি উপকরণের সরবরাহ সম্পর্কে খোঁজখবর নেন।
সি জোর দিয়ে বলেন, শস্য উৎপাদনে সহায়ক নীতিমালা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। কৃষি উপকরণের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে হবে এবং স্থানীয় পরিবেশের উপযোগী শস্যের জাত, উন্নত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে হবে।
সি পরে সিইউচিয়া গ্রাম পরিদর্শন করেন এবং গ্রামটি কীভাবে পার্টি সংগঠনকে শক্তিশালী করছে ও গ্রামবাসীদের সেবা দিচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানতে চান।
প্রেসিডেন্ট বলেন, পার্টির সদস্য ও কর্মকর্তাদের জনগণের সেবার চেতনা আরও জোরদার করা, জনগণের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তোলা এবং বাস্তবসম্মতভাবে মানুষের সমস্যার সমাধানে কাজ করতে হবে। এর মাধ্যমে জনগণের অর্জনবোধ, সুখ ও নিরাপত্তাবোধ প্রকৃত অর্থে বৃদ্ধি পাবে।
গ্রাম ত্যাগের সময় গ্রামবাসীরা উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তাকে বিদায় জানান। সি উল্লেখ করেন যে, আগামী ১ জুলাই চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। তিনি বলেন, গত ১০৫ বছরে পার্টির নেতৃত্বে দেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে।
আধুনিক সমাজতান্ত্রিক দেশ গঠনের নতুন যাত্রায় চীন এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সি দেশের সব জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে আরও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করা যায় এবং উন্নত জীবনের জন্য জনগণের আকাঙ্ক্ষা ধারাবাহিকভাবে পূরণ করা সম্ভব হয়।
তিনি আশা প্রকাশ করেন যে, পার্টির নেতৃত্বে গ্রামবাসীরা আরও সুন্দর আবাস গড়ে তুলবেন এবং আরও উন্নত জীবন উপভোগ করবেন।
সিএমজি বাংলা













