বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৭:৩০ পূর্বাহ্ণ

Spread the love

শেরপুর-৩ সংসদীয় আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেরপুর-৩ আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

ইসি সচিব বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচন বাতিল করেন এবং আইন অনুযায়ী নতুন তফসিল ঘোষণা করা বাধ্যতামূলক। তবে তিনি স্পষ্ট করে জানান, যেসব প্রার্থী আগে বৈধ ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করার প্রয়োজন হবে না।

ইসি সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করায় শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং এখন সেখানে নতুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর উপধারা (১) অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করে পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণার বিধান রয়েছে।

সর্বশেষ - খেলাধুলা