জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ও চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে ওয়াং ই বলেন, ভারত চীনের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং দুই দেশের সম্পর্ক বর্তমানে পুনরুদ্ধার ও উন্নয়নের ধারায় ফিরে এসেছে। তিনি উল্লেখ করেন, দুই দেশের শীর্ষ নেতারা চীন ও ভারতকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে দেখার বিষয়ে একমত হয়েছেন। এই ঐকমত্য দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল বিকাশের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত ভিত্তি তৈরি করেছে।
ওয়াং ই বলেন, বিশ্বের সর্বাধিক জনবহুল দুই অর্থনীতি হিসেবে চীন ও ভারতের উচিত দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে দ্বিপাক্ষিক সম্পর্ক মূল্যায়ন করা এবং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতা আরও জোরদার করা।
তিনি বলেন, চীন ও ভারতসহ বৈশ্বিক দক্ষিণের দেশগুলো বর্তমানে সম্মিলিত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ব্রিকসের বর্তমান ঘূর্ণায়মান চেয়ার হিসেবে ভারতের ভূমিকার প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ব্রিকস ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে ভারতকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী চীন।
ওয়াং ই আরও বলেন, উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ধীরে ধীরে পুনরুদ্ধার হয়েছে, সহযোগিতা এগিয়েছে এবং সীমান্ত অঞ্চলে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় দেশের উচিত পরস্পরের মূল স্বার্থকে সম্মান করা, সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে পরিচালনা করা এবং সীমান্ত ইস্যুকে এমনভাবে মোকাবিলা করা যাতে তা সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত না করে।
এছাড়া বাণিজ্য, অর্থনীতি, আইন প্রয়োগ, গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সংলাপ ও বিনিময় পুনরায় জোরদারের আহ্বান জানান তিনি।
অন্যদিকে অজিত দোভাল বলেন, ভারত কৌশলগত দৃষ্টিকোণ থেকে চীনের সঙ্গে সম্পর্ককে মূল্যায়ন অব্যাহত রাখতে চায় এবং দুই দেশের নেতাদের অর্জিত ঐকমত্য বাস্তবায়নে বেইজিংয়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
দোভাল আরও উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর একটি হিসেবে তাইওয়ান প্রশ্নে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি তিনি চীনের সঙ্গে একে অপরের মূল স্বার্থকে সমর্থন করা, বহুপাক্ষিকতা রক্ষা করা এবং উন্নয়নশীল দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও মতবিনিময় করে।
নাহার/জেনিফার
তথ্য ও ছবি-সিনহুয়া/সিসিটিভি













