শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

ইউনোস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

Spread the love

জমকালো আয়োজনে প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানে সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক ডক্টর খালেদ এল এনানি মাতৃভাষা সংরক্ষণ ও বহুভাষাবাদ চর্চায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষাজীবনই তরুণ প্রজন্মের জন্য মাতৃভাষা ও বহুভাষাবাদ চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশসহ সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে পরামর্শক্রমে ভাষা সংরক্ষণ ও প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। বিশ্বব্যাপী মাতৃভাষা সংরক্ষণে ভূমিকার জন্য তিনি বাংলায় ধন্যবাদ জানিয়ে বাংলাদেশকে অভিনন্দন জানান। মিশরের নাগরিক ড. এনানি তার বক্তব্য আরবি ভাষায় প্রদান করেন।

এবারের আয়োজনে প্রথমবারের মতো একসঙ্গে উপস্থিত ছিলেন ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি, নির্বাহী পর্ষদের চেয়ারপার্সন এবং মহাপরিচালক। সংস্থাটির শীর্ষ তিন কর্মকর্তার এই অংশগ্রহণ আয়োজনকে বিশেষ গুরুত্ব দেয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি ও সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা  তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ইউনেস্কোর কার্যক্রম বিশ্ববাসীর কাছে তাদের নিজ নিজ ভাষায় পৌঁছে দিতে হবে। মাতৃভাষা সংরক্ষণে একটি শক্তিশালী কর্মপরিকল্পনা গ্রহণ এবং তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

নির্বাহী পর্ষদের সভাপতি ও কাতারের রাষ্ট্রদূত নাছের হিনজাব মাতৃভাষা সংরক্ষণে বাংলাদেশের নেতৃত্বের কথা উল্লেখ করে এবারের আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

আয়োজনের প্রথম পর্বে শান্তি ও টেকসই উন্নয়নে ভাষার ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে তাঞ্জানিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, পূর্ব তিমুরের শিক্ষা মন্ত্রী, দক্ষিণ আমেরিকার ইনকা সম্প্রদায়ের কেচুয়া ভাষাবিদ এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিধিরা অংশ নেন। তাঞ্জানিয়ার মন্ত্রী তার বক্তব্য সোয়াহিলি ভাষায় প্রদান করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্পেনের ভাষা গবেষক প্রফেসর ড্যামিয়েন ব্লাসি। আলোচনায় অংশগ্রহণকারীরা নিজ নিজ মাতৃভাষায় বক্তব্যের অংশ উপস্থাপন করেন, যা অনুষ্ঠানে বহুভাষিক বৈচিত্র্যের বাস্তব চিত্র তুলে ধরে।

দিবসের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ছাড়াও লুক্সেমবুর্গ, আজারবাইজান, মলদোভা, ইউক্রেন, শ্রীলঙ্কা ও ব্রাজিল অংশ নেয়। বাংলাদেশের শিল্পীদের পরিবেশিত লোকসংগীত কূটনীতিক ও অতিথিদের প্রশংসা পায়।

সর্বশেষ - খেলাধুলা