আন্তর্জাতিক যাত্রীসংখ্যার হিসেবে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৫ সালে এই বিমানবন্দর দিয়ে ৯ কোটি ৫২ লাখ যাত্রী যাতায়াত করেছেন, যা নতুন এক অনন্য রেকর্ড। খবর এএফপি’র।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের তুলনায় যাত্রীসংখ্যা ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু ডিসেম্বর মাসেই ৮৭ লাখ যাত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সেবা নিয়েছেন, যা একক মাসের হিসেবে নতুন রেকর্ড।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়,
“সক্ষমতার সর্বোচ্চ সীমায় থেকেও দুবাই বিমানবন্দর ধারাবাহিকভাবে অসামান্য কর্মদক্ষতার নিদর্শন তৈরি করে যাচ্ছে।”
বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস পূর্বাভাস দিয়েছেন, ২০২৬ সালে যাত্রীসংখ্যা বেড়ে প্রায় ১০ কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে।
দুবাই শহরের উপকণ্ঠে ২০১৩ সালে আল মাখতৌম আন্তর্জাতিক বিমানবন্দর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বর্তমানে দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (ডিডব্লিউসি) নামে পরিচিত এই বিমানবন্দরটি সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করছে।
গত অক্টোবরে পল গ্রিফিথস জানান, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থানান্তরের আগেই যাত্রীসংখ্যা ১১ কোটি ৫০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
এদিকে আল মাখতৌম আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ব্যয় হচ্ছে সাড়ে তিন হাজার কোটি ডলার। প্রকল্প শেষ হলে বিমানবন্দরটি বছরে ১৫ কোটি যাত্রী সামলাতে সক্ষম হবে। আগামী ১০ বছরের মধ্যে এ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে এর সক্ষমতা বাড়িয়ে ২৬ কোটি যাত্রী পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে।



















