ঢালিউড অঙ্গনে জোর গুঞ্জন চলছে—ফের মা হতে যাচ্ছেন অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতি ও শারীরিক পরিবর্তন এই আলোচনাকে আরও উসকে দিয়েছে। তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো অবস্থান নেননি এই অভিনেত্রী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তিনি পরেছিলেন একটি সাদা রঙের ফ্লোর-টাচ গাউন। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের একটি অংশ দাবি করেন, ক্যামেরায় তার বেবিবাম্প স্পষ্টভাবে ধরা পড়েছে।
এছাড়া ইভেন্টে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। বিশেষ করে তার হাঁটাচলা ও শারীরিক ভঙ্গি দেখে অনেকেরই মনে হয়েছে, তিনি আবারও মা হতে চলেছেন।
অনুষ্ঠানে মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বুবলী সরাসরি অস্বীকারও করেননি, আবার স্বীকারও করেননি। কৌশলী জবাবে তিনি বলেন,
‘আপনাদের আমি কখনোই দোষ দেই না। কারণ আপনারা নিউজ করবেন—এটা খুবই স্বাভাবিক। দর্শকদের জায়গা থেকেও আগ্রহ থাকবে। তবে সব কিছুরই একটা সময় আছে, একটা স্থান-কাল-পাত্র আছে—যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই।’
তিনি আরও বলেন,
‘আজকে যেহেতু আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসেছি, তাই আমি চাই আপাতত ন্যাচারাল ভাইবটা বজায় থাকুক। যেদিন আমার প্রোগ্রাম হবে, সেদিন আমি সব বলব।’
এদিকে শোনা যাচ্ছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন বুবলী। গুঞ্জন রয়েছে, চিত্রনায়ক শাকিব খানের পরামর্শেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন।
দীর্ঘদিন ধরে শাকিব খান ও বুবলীর সম্পর্কের দূরত্বের কথা শোনা গেলেও, তাদের পুনরায় বাবা-মা হওয়ার এই গুঞ্জন নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সাম্প্রতিক সময়ে এ বিষয়ে একের পর এক প্রশ্নের মুখোমুখি হলেও বরাবরের মতোই কৌশলী উত্তর দিয়ে গেছেন বুবলী। এবারও তার ব্যতিক্রম হয়নি।
প্রসঙ্গত, গুঞ্জনের সূত্রপাত ঘটে গত বছর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে শাকিব খান ও বুবলীকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাওয়ার পর। তখন থেকেই আলোচনা শুরু হয়—তারা হয়তো আবারও কাছাকাছি এসেছেন।
বর্তমান পরিস্থিতিতে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে—বুবলীর সম্ভাব্য সন্তানের বাবা কি তবে শাকিব খানই?



















