গ্যাংস্টার চরিত্রে পর্দায় ফিরছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। নতুন এই রূপের ঘোষণা তিনি দিয়েছেন গতকাল সন্ধ্যায়। আলো-ছায়ার আবহে প্রকাশ পাওয়া মোশন পোস্টারে ধরা দিয়েছে এক ভয়ংকর ও রহস্যময় শাকিব।
কালো গাউনে মোড়া, মুখভর্তি দাড়ি, লম্বা চুল আর চোখে সানগ্লাস—এমন লুকে শাকিব খান যেন এক অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। তার হাতে থাকা বিশাল আগ্নেয়াস্ত্রের নকশায় ব্যবহার করা হয়েছে পিয়ানোর রিড, যা সিনেমাটির গল্পে সংগীত ও আবেগের বিশেষ ইঙ্গিত বহন করে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশ পায় শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’–এর ১৬ সেকেন্ডের মোশন ফার্স্ট লুক। সেখানে শাকিবকে দেখা গেছে বিধ্বংসী গ্যাংস্টার চরিত্রে।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের ফেসবুক পেজে মোশন পোস্টারটি শেয়ার করে লিখেছে—
“সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।”
অন্যদিকে, শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছেন—
“একটা শহর, একটা উপাখ্যান, প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ।”
সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা এবং এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস–এর ব্যানারে। বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিং চলছে শ্রীলঙ্কায়। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সিনেমাটির দুটি লটের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
নব্বইয়ের দশকের অ্যাকশনধর্মী গল্পে নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে রোজার ঈদে। সিনেমাটির পরিচালনায় রয়েছেন আবু হায়াত মাহমুদ। এতে অ্যাকশনের পাশাপাশি থাকছে একটি রোমান্টিক গল্প, যার প্রতীকী রূপ হিসেবেই মোশন পোস্টারে ব্যবহার করা হয়েছে মিউজিক্যাল বন্দুক।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনার।
সব মিলিয়ে গ্যাংস্টার গল্প, অ্যাকশন, রোমান্স ও সংগীতের মিশেলে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ হতে যাচ্ছে ঈদের অন্যতম বড় চমক—যা শাকিব খানের ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।



















