মেধাস্বত্বের কৌশলগত ব্যবহার ও উদ্ভাবনী প্রযুক্তির স্বীকৃতি হিসেবে বিশ্ব মেধাস্বত্ব সংস্থার (ডব্লিউআইপিও) গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২৬ জিতেছে চীনের তিনটি প্রতিষ্ঠান।
শুক্রবার ঘোষিত এ পুরস্কারে চীনের রিজেন্ড থেরাপিটিকস, আর্টারিফ্লো এবং বোট্রি বিজয়ীদের তালিকায় স্থান পেয়েছে।
জাতিসংঘের এই সংস্থার আয়োজিত প্রতিযোগিতায় বিশ্বের ১ হাজার ৩০০টিরও বেশি আবেদন থেকে মোট ১১টি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বিজয়ীরা আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করছে।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্টার্টআপগুলো কীভাবে মেধাস্বত্বের কার্যকর ব্যবহার করে ব্যবসার প্রসার ঘটাচ্ছে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখছে, সেই অবদানের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার দেওয়া হয়। এ বছর প্রথমবারের মতো ক্রীড়া বিভাগ যুক্ত হওয়ায় পুরস্কারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১টিতে।
রিজেন্ড থেরাপিউটিকস পুনর্জন্মভিত্তিক চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম ফুসফুস পুনর্গঠন থেরাপি উদ্ভাবন করেছে, যা বর্তমানে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষায় রয়েছে এবং এরইমধ্যে গুরুতর শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত শত শত রোগীর চিকিৎসায় সহায়তা করেছে।
আর্টারিফ্লো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে হৃদ্রোগ নির্ণয়ের একটি নন-ইনভেসিভ পদ্ধতি তৈরি করেছে। মাত্র তিন মিনিটে রক্তপ্রবাহের বিশ্লেষণ করে প্রচলিত জটিল পরীক্ষার বিকল্প হিসেবে দ্রুত ফলাফল দেওয়া সম্ভব হচ্ছে।
অন্যদিকে বোট্রি বৈদ্যুতিক গাড়ির ব্যবহৃত ব্যাটারি পুনর্ব্যবহারে টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তুলছে।
সূত্র: সিএমজি













