জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জোড়খালি ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মেহেদী হাসান। তাদের বাড়ি মেলান্দহ উপজেলার ছাবিলাপুর গ্রামে। প্রশাসনের দাবি, তারা জামালপুর-৩ আসনের ‘কাঁপ-পিরিচ’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। তাদের কাছ থেকে ওই প্রার্থীর প্রচারপত্রও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন কর্মী গোলাবাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণ করছিলেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা ধাওয়া করে তিনজনকে আটক করেন। তবে এ সময় অন্যরা পালিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা এবং প্রার্থীর প্রচারপত্র জব্দ করা হয়েছে। টাকা বিতরণের সময় আটকের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সুমন চৌধুরী বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। গোলাবাড়ির ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”
সন্ধ্যার দিকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন।












