মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সিপাহিপাড়া–দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রলির ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব নিহত হন।
গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল করিম জানান, তুর্জয় মাঝিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মনিরুল ইসলাম বলেন,
“অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।”



















