মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

১০ টাকার নতুন নোট বাজারে আসছে আজ, আসল-নকল চিনবেন যেভাবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ

Spread the love

দেশে নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে প্রচলনে আসছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ থেকেই নতুন নোটটি সাধারণ লেনদেনে ব্যবহার করা যাবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) ব্যাংক নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়া হয়েছে।

এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান হাবিব মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ ৩ ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ১০ টাকার নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগের বাম পাশে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি। মাঝখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত হয়েছে। নোটের পেছনভাগে রয়েছে গ্রাফিতি–২০২৪ এর ছবি। নোটটিতে গোলাপি রঙের আধিক্য দেখা যাবে।

নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বাংলাদেশ ব্যাংক জানায়, এতে জলছাপ হিসেবে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’। জলছাপের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে ‘১০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম সংযোজন করা হয়েছে।

নোটের সম্মুখভাগের বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যাতে ‘৳১০ দশ টাকা’ লেখা রয়েছে। নোটটি আলোর বিপরীতে ধরলে এই লেখা স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হয়

নোটে আরও রয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। গভর্নরের স্বাক্ষরের ডান পাশে See-Through Image হিসেবে একটি বিশেষ প্যাটার্ন মুদ্রিত আছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দৃশ্যমান হয়।

এছাড়া নোটের সম্মুখভাগের উপরে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে সমান্তরালভাবে এবং নোটের পেছনভাগের বাম পাশে গ্রিডিশ প্যাটার্নের বাইরের অংশে Microprint হিসেবে ‘BANGLADESH BANK’ লেখা মুদ্রিত রয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নতুন ডিজাইনের ১০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধভাবে চলবে।

মুদ্রা সংগ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০ টাকা মূল্যমানের নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। এই নমুনা নোট বাংলাদেশ ব্যাংকের মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর বিভাগ থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

সর্বশেষ - খেলাধুলা