ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে আশাবাদের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী এক সপ্তাহ ইউক্রেনের রাজধানী কিয়েভে কোনো সামরিক হামলা চালাবে না রাশিয়া।
শুক্রবার (৩০ জানুয়ারি) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র শীতের কারণে মানবিক বিবেচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার অনুরোধ করেছিলেন ট্রাম্প। সেই অনুরোধ মেনে নিয়েছেন পুতিন—এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। এর ফলে তীব্র শীতের মধ্যে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।
ট্রাম্প বলেন,
‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে এক সপ্তাহ আক্রমণ না করার অনুরোধ করেছি। তিনি আমার কথা মেনেছেন।’
তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি কেবল কিয়েভ নাকি ইউক্রেনের অন্যান্য শহরেও হামলা বন্ধ থাকবে—সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি।
এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন,
‘অনেকে আমাকে বলেছিলেন ফোন করে লাভ নেই, কারণ পুতিন কথা শুনবেন না। কিন্তু তিনি শুনেছেন। এতে আমরা খুশি।’
বর্তমানে ইউক্রেনে চরম শীতকাল চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি ইউক্রেনের জনগণের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


















