জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চমানের যন্ত্রপাতি উৎপাদন খাতের উন্নয়ন ও আধুনিক শিল্পব্যবস্থা নির্মাণ ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। এর লক্ষ্য উচ্চমানের উন্নয়নে ধারাবাহিকভাবে নতুন গতি সঞ্চার করা।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি সোমবার লিয়াওনিং প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ান পরিদর্শনকালে এ কথা বলেন।
লি বলেন, ‘মূল প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন, গুরুত্বপূর্ণ প্রযুক্তিবিদ ও দক্ষ শিল্পকর্মীদের একটি শক্তিশালী দল গড়ে তোলা এবং জাহাজ নির্মাণ ও সামুদ্রিক প্রকৌশল সরঞ্জাম শিল্পের প্রতিযোগিতামূলক সুবিধা আরও সুসংহত ও সম্প্রসারণে প্রচেষ্টা চালাতে হবে।‘
তিনি উল্লেখ করেন, তালিয়ানের জাহাজ নির্মাণ শিল্পের দীর্ঘ ইতিহাস এবং মানসম্পন্ন সরঞ্জাম উৎপাদন খাত বিকাশের জন্য একটি শক্ত ভিত্তি রয়েছে। এ কারণে উন্নত উৎপাদন শিল্পগুচ্ছ এবং বিশ্বমানের জাহাজ নির্মাণ কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান তিনি।
লি আরও বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তিগত অর্জনের দ্রুত রূপান্তর এবং নতুন প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তির নিরাপদ প্রয়োগ ত্বরান্বিত করতে হবে, যাতে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়ন আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া যায়।‘
আধুনিক শিল্পব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে ঐতিহ্যবাহী শিল্পগুলোর আধুনিকায়নেও সমান গুরুত্ব প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন,
‘উচ্চমানের পেট্রো-কেমিক্যাল সরঞ্জামের গবেষণা, উন্নয়ন ও উৎপাদন সংশ্লিষ্ট শিল্পগুলোর গুণগত মান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।‘
তিনি ডিজিটাল ও বুদ্ধিমান প্রযুক্তির মাধ্যমে শিল্পখাতকে আরও সক্ষম করে তোলা, শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা জোরদার করা এবং মূল প্রতিযোগিতামূলক সক্ষমতা ধারাবাহিকভাবে বাড়ানোর আহ্বান জানান।
সাকিব/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া















