জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়ার অনন্য মেলবন্ধনে এবারও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে চীনের ঐতিহ্যবাহী ‘তুয়ানউ’ বা ড্রাগন বোট ফেস্টিভ্যাল। দেশজুড়ে অনুষ্ঠিত নৌকা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলায় উৎসবের আমেজে মেতে ওঠেন লাখো মানুষ।
চীনা চন্দ্র পঞ্জিকার পঞ্চম মাসের পঞ্চম দিনে উদযাপিত এই উৎসবের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরোনো। প্রাচীন ওয়ারিং স্টেটস যুগের দেশপ্রেমিক কবি ছু ইউয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উৎসব পালন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে উৎসবটি চীনা সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যে পরিণত হয়েছে।
উত্তর চীনের থিয়েনচিন শহরের হাইহ্য নদীতে অনুষ্ঠিত ড্রাগন বোট প্রতিযোগিতায় অংশ নেয় ৩৩টি দল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী এবং বিদেশি অংশগ্রহণকারীদের উপস্থিতিতে প্রতিযোগিতা হয়ে ওঠে প্রাণবন্ত। একইসঙ্গে নদীর তীরে আয়োজিত মেলায় দর্শনার্থীরা উপভোগ করেন ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনী।
পূর্ব চীনের শানতোং প্রদেশের ঐতিহাসিক তামিং লেকেও অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ড্রাগন বোট প্রতিযোগিতা। প্রাচীন সেতু ও সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনুষ্ঠিত এই আয়োজন দর্শকদের মুগ্ধ করে।
অন্যদিকে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা নদীতে দেখা যায় উৎসবের ব্যতিক্রমী রূপ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৬০০ মিটার উচ্চতায় আয়োজিত প্রতিযোগিতায় প্রচলিত ড্রাগন বোটের পাশাপাশি চমরি গাইয়ের চামড়া দিয়ে তৈরি ঐতিহ্যবাহী নৌকার দৌড়ও অনুষ্ঠিত হয়। তিব্বতি লোকসংগীত ও নৃত্য পরিবেশনা উৎসবে যোগ করে বিশেষ মাত্রা।
এছাড়া চেচিয়াং প্রদেশে দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় শতবর্ষের ঐতিহ্যবাহী তলোয়ার নির্মাণশিল্পের প্রদর্শনী। দক্ষ কারিগরদের তৈরি ঐতিহাসিক এই শিল্পকর্ম দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিসিটিভি












