জুন ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে রাষ্ট্রীয় সফরের শেষ দিনে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অত্যাধুনিক রোবট প্রযুক্তি ও পরিবেশবান্ধব নতুন উপকরণ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফর করেন মিন অং হ্লাইং। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম চীন সফর। একই সঙ্গে এ বছর চীন ও মিয়ানমারের কূটনৈতিক সম্পর্কের ৭৬ বছর পূর্তি উপলক্ষে সফরটি বিশেষ গুরুত্ব বহন করে।
শুক্রবার তিনি হাংচৌভিত্তিক রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবটিকস-এর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাকে হিউম্যানয়েড রোবটের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখান। তিনি স্থির ও চলমান রোবট প্রদর্শনের পাশাপাশি রোবটের নৃত্য পরিবেশনা উপভোগ করেন। এছাড়া বিশ্বজুড়ে আলোচিত ‘উ বট কুংফু’ রোবটের বিশেষ প্রদর্শনীও দেখেন তিনি।
সফরের শেষ পর্যায়ে মিন অং হ্লাইং হাংচৌর একটি নতুন উপকরণ উৎপাদনকারী প্রতিষ্ঠানও পরিদর্শন করেন, যেখানে বাঁশের তন্তু ব্যবহার করে পরিবেশবান্ধব উচ্চমানের বস্ত্র ও বিভিন্ন শিল্প উপকরণ তৈরি করা হয়। এসব পণ্যের মধ্যে ড্রোন তৈরিতে ব্যবহৃত বাঁশের তন্তুভিত্তিক কম্পোজিট উপকরণও রয়েছে।
পরিদর্শনকালে তিনি উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে হাংচৌ বিমানবন্দর থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা হন তিনি।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি














