নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তবে সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জানিয়েছিলেন পে-স্কেল বাস্তবায়ন করবে নতুন সরকার।এ অবস্থায় নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, পে-স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে। না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থমন্ত্রী। এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে দেয়া ভাষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, আমাদের দলীয় ইশতেহারে বলেছি জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে-স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে গঠিত জাতীয় বেতন কমিশন (পে-কমিশন) গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়। এটি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন থেকে পুরোপুরি কার্যকর করার কথা জানানো হয়। বেতন কমিশন সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে।



















