শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

ভোট পুনর্গণনার দাবিতে মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

Spread the love

নির্বাচনে ভোট পুনর্গণনার দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী ও সমর্থকরা।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সড়কে অবস্থান নিতে শুরু করেন তারা। এক পর্যায়ে বেলা ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।এসময় তাদের ‘আখতার ভোট চোর, ভোট চুরি মানবো না, মানি না’ ইত্যাদি শ্লোগান দিতে দেখা গেছে। সড়ক অবরোধের কারণে রাস্তার দু’ধারে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ঘটনাস্থলে গিয়ে ভোট পুনর্গণনার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলেন নেন বিক্ষোভকারীরা।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে। কিন্তু প্রশাসন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পরিবর্তন করে দিয়েছে। জনগণের দাবি হলো ভোট পুনর্গণনার করা হোক। পুনর্গণনার যা ফলাফল আসবে ভোটাররা তা মেনে নেবে।তিনি আরও বলেন, আমার কর্মী-সমর্থকরা আন্দোলন করলে আইনের কথা বলা হচ্ছে। অথচ ডিসি সাহেব যখন নির্বাচনী দায়িত্বে থেকে ফলাফল পরিবর্তন করলো; তখন তারা কোনো আইন-কানুন মানে নাই। আমার সন্দেহ হচ্ছে ডিসি সাহেব ভোট পুনর্গণনার করতে কালক্ষেপন করে পুনরায় ভোট ইঞ্জিনিয়ারিং করবে।

রংপুর-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত আখতার হোসেন বলেন, হারাগাছ এলাকায় এখন ভরসার ভাড়া করা লোকেরা যা করছে তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের কর্তারা আলোচনার মাধ্যমে আইনগতভাবে এই সমস্যার সমাধান করুন। সময়ক্ষেপন করার সুযোগ নেই। যেসব মানুষদের ভাড়া করে আনা হয়েছে; তারা খেটে খাওয়া সাধারণ মানুষ। ভরসার নেতাকর্মীরা তাদেরকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে বিভ্রান্ত করছে। এই আইন লঙ্ঘনের পরিস্থিতির দায়ভার বিএনপির হাইকমান্ডকে নিতে হবে।

এদিকে একই দাবিতে সকালে পীরগাছা বাজারে এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা বরাবর ভোট পুনর্গণনার আবেদন করেন তিনি।

অন্যদিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ভোট পুনর্গণনার দাবিতে শুক্রবার রাতে বিক্ষোভ করেছেন বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের কর্মী-সমর্থকরা। উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের যোগসাজশে ধানের শীষের অনেক ব্যালট বাতিল করা হয়েছে। অবিলম্বে ভোট পুনর্গণনা করা হলে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে।

সর্বশেষ - খেলাধুলা