মাদারীপুর-২ আসনে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী মুহা. কামরুল ইসলাম সাইদকে জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদারীপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন (সিভিল জজ) এ আদেশ দেন। মুহা. কামরুল ইসলাম সাইদ ‘হরিণ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(গ) লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সংক্ষিপ্ত বিচার পদ্ধতি (সামারি ট্রায়াল) অনুসরণ করে তাকে দোষী সাব্যস্ত করে এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালার বিধি ৭(গ) অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় অবস্থিত কোনো দালান, ট্রাক, ট্রেন, স্টিমার, লঞ্চ, রিকশা, অটোরিকশা, লেগুনা, ট্যাক্সি, বেবিটেক্সি বা অন্য কোনো যানবাহনে লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন সাঁটাতে পারবেন না।
তবে অভিযোগ রয়েছে, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাইদ নির্বাচনী প্রচারণার সময় একটি গাড়িতে ব্যানার সাঁটান, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের নজরে এলে তিনি আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।















