তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, গাজায় সেনা পাঠাতে প্রস্তুত আংকারা। শুক্রবার দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় সক্রিয় ভূমিকা পালনে তুরস্কের আপত্তি নেই এবং এ বিষয়ে দেশটির প্রচেষ্টা অব্যাহত থাকবে। খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
হাকান ফিদান বলেন, “যদি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়, তাহলে গাজায় সামরিক সহায়তা দেওয়ার ইচ্ছা আমাদের রয়েছে।” তিনি গাজা ইস্যুকে তুরস্কের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ অগ্রাধিকারের একটি হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, রাফা সীমান্ত ক্রসিং আগামী সপ্তাহের শুরুতেই পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে গাজায় মানবিক সহায়তা প্রবেশ কিছুটা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে শীত মৌসুমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাঁবুতে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
হামাস নিরস্ত্রীকরণে সম্মত হবে কি না—এমন প্রশ্নের জবাবে হাকান ফিদান বলেন, বিষয়টি অবশ্যই একটি বৃহত্তর রাজনৈতিক রোডম্যাপের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, তুরস্কের প্রধান লক্ষ্য হলো গাজার বাসিন্দাদের নিজ ভূমিতে অবস্থান নিশ্চিত করা এবং তাদের বাস্তুচ্যুত হতে না দেওয়া।















