রাজনীতিতে সক্রিয় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের উচিত নিজ নিজ অঙ্গনে নারীদের সুরক্ষা নিশ্চিতে একটি আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়ন ও বাস্তবায়ন করা।
রোববার দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে উইমেন ইন ডেমোক্রোসি (উইনড) আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে জাইমা রহমান বলেন,
‘ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত একটি কার্যকর পাইপলাইন তৈরি করতে হবে। এই ধারাবাহিকতা ধরে রাখতে না পারলে নারীরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে এবং যোগ্য নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পাবে না।’
তিনি বলেন, নারীদের জন্য যে আর্থিক ও সামাজিক সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন,
‘যদি কোনো নারী নেত্রী বা ছাত্রীনেত্রী হয়রানির শিকার হন বা বিপদের মুখে পড়েন, তাহলে রাজনৈতিক দলগুলোকে লিগ্যাল কোড অব কন্ডাক্টের মাধ্যমে দায় নিতে হবে—অর্থাৎ দল তার পাশে থাকবে এবং তাকে সুরক্ষা দেবে।’
নারীদের নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করে জাইমা রহমান আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কোড অব কন্ডাক্ট থাকা প্রয়োজন, যাতে কোনো নারী নেত্রী বা কর্মী নির্যাতন বা হয়রানির শিকার হলে দল সরাসরি দায়িত্ব নেয়।
তিনি বলেন, রাজনীতি ও নাগরিক দায়িত্বে সম্পৃক্ততা ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা গড়ে ওঠে না। নতুন নেতৃত্ব বিকাশের জন্য উপযুক্ত অভিভাবকত্ব ও সহায়তা অপরিহার্য। পুরুষদের জন্য নানা ধরনের সুযোগ থাকলেও নারীরা এখনো সেই সুযোগ থেকে বঞ্চিত। তাই নারীদের জন্য কার্যকর সংযোগ, সহায়তা ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
নারী নেত্রীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি উল্লেখ করে জাইমা রহমান বলেন, সহায়তার পাশাপাশি সামাজিক মানসিকতার পরিবর্তন না হলে নারীদের রাজনৈতিক অগ্রযাত্রা টেকসই হবে না।
রাজনীতিতে অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরে তিনি বলেন,
‘নারী নেত্রীদের জন্য বাড়তি অর্থনৈতিক সুযোগ-সুবিধা প্রয়োজন। অর্থনৈতিক বৈষম্য কমাতে পারলে নারীদের রাজনৈতিক অংশগ্রহণে যে প্রতিবন্ধকতা রয়েছে, তা অনেকটাই দূর হবে।



















