বিএনপি পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের অবহেলিত লবণচাষিদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে পেকুয়া উপজেলার মগনামা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, বর্তমানে লবণের বাজারে চরম বৈষম্য বিদ্যমান। ঢাকায় ভোক্তারা যেখানে প্রতি কেজি লবণ ৪০ টাকায় কিনছেন, সেখানে মাঠ পর্যায়ের লবণচাষিরা কেজিপ্রতি ১০ টাকাও পাচ্ছেন না। এই পরিস্থিতির জন্য বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দায়ী করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এসব অনিয়ম বন্ধ করে চাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, অভিজ্ঞতার অভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার সম্প্রতি লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে দেশীয় বাজারে লবণের দাম হঠাৎ করে কমে যায়। তবে বিএনপির জোরালো অনুরোধের প্রেক্ষিতে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এর ফলে আবারও লবণের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি জানান।
সালাহউদ্দিন আহমদ স্মরণ করিয়ে দেন, অতীতে বিএনপি সরকারের আমলে লবণচাষিরা ন্যায্য মূল্য পেয়েছিলেন। ভবিষ্যতেও এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাষিদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপির অপর নামই হলো গণতন্ত্র।” দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি ইতোমধ্যে একটি সুস্পষ্ট রূপরেখা ঘোষণা করেছে।
এই রূপরেখার অংশ হিসেবে দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রতিদ্বন্দ্বী দলগুলোর সমালোচনা করে তিনি দাবি করেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই—যা কেবল বিএনপির কাছেই রয়েছে।
পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এই জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু এবং কক্সবাজার জেলা ওলামা দলের সভাপতি আলী হাসান।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা স্থানীয় উন্নয়ন ও কৃষক স্বার্থ রক্ষায় সালাহউদ্দিন আহমদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।














