প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা, স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালত যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তারা হলেন—গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।
মামলায় উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে কৌশলে বাদীর কাছ থেকে ওই অর্থ নেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে, অন্যান্য আসামিরা এই প্রতারণামূলক কার্যক্রমে নোবেলকে সহযোগিতা করেছেন।
বাদীপক্ষের আইনজীবী জানান, গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলাটি দায়ের করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
সোমবার মামলার ধার্য দিনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, এর আগেও গায়ক নোবেল আলোচিত একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। ধর্ষণ ও মারধর অভিযোগে ডেমরা থানায় দায়ের করা মামলায় তাকে ২০২৫ সালের ১৯ মে গ্রেপ্তার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিনে মুক্তি পান।
এ বিষয়ে গায়ক নোবেলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার এক সহকারী গণমাধ্যমকে অভিযোগটিকে ‘গুজব’ বলে দাবি করেন। পরে আবার যোগাযোগ করা হলে জানানো হয়, নোবেল বর্তমানে রিহার্সেলে ব্যস্ত রয়েছেন এবং সাক্ষাৎকারের জন্য আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।



















