যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে ইরানের দিকে দ্বিতীয় নৌবহর মোতায়েন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৮ জানুয়ারি) জানিয়েছেন, “এই মুহূর্তে আরেকটি নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে। আমি আশা করি, তারা আমাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে।”
এর আগে মঙ্গলবার রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, এই নৌবহরটি আকারে ভেনেজুয়েলার কাছে মোতায়েন নৌবহরের চেয়ে বড়।
যুক্তরাষ্ট্রের নৌবহরের এই পদক্ষেপের পেছনে রয়েছে ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রচেষ্টা। ট্রাম্প জানান, ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার জন্য যোগাযোগ করেছে এবং কথা বলতে আগ্রহী।
তবে দ্বিতীয় নৌবহরটির নির্দিষ্ট রণতরী ও যুদ্ধজাহাজের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।



















