রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ, ভোর থেকেই পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:৪৬ পূর্বাহ্ণ

Spread the love

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকেই দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। কেউ কেউ আবার রাত থেকেই মাঠ ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফর ও মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকাজুড়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, পলোগ্রাউন্ড মাঠের সামনের অংশে নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। আগেভাগে আসা অনেক নেতাকর্মী জানান, প্রিয় নেতাকে একনজর দেখার আকাঙ্ক্ষা থেকেই তারা ভোরে মাঠে এসেছেন।

সাতকানিয়া থেকে আসা এক বিএনপি কর্মী বলেন, “দীর্ঘদিন ধরে তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম। আজ সেই অপেক্ষার অবসান হচ্ছে।”

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী জানান, বহু নেতাকর্মী রাত থেকেই সমাবেশস্থলের আশপাশে অবস্থান করছেন। তিনি বলেন, “সকালের মধ্যেই কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার পরিকল্পনা থেকেই আমরা আগেভাগে চলে এসেছি।”

দীর্ঘ দুই দশক পর বিএনপির প্রধান হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ যোগে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানে রাতযাপন করেন।

দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে তারেক রহমান ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চ এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে কেবল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা অবস্থান করতে পারবেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফরে এসে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত