দীর্ঘ প্রায় দেড় দশক নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় তার ভিন্নধর্মী উপস্থিতি, ইতিবাচক ভাষা ও আধুনিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। চেনা রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে তিনি জনগণের সঙ্গে সরাসরি সংলাপ, মতবিনিময় ও অংশগ্রহণমূলক রাজনীতির যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা ইতোমধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই তৃণমূলে ছুটে চলেছেন তারেক রহমান। আনুষ্ঠানিকতা এড়িয়ে সাধারণ মানুষের কাতারে দাঁড়ানো, তরুণদের সঙ্গে মুক্ত আলোচনা, প্রতিপক্ষের সমালোচনায় আক্রমণাত্মক ভাষা পরিহার—সব মিলিয়ে তিনি নিজেকে তুলে ধরছেন এক ভিন্ন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে। স্বদেশ প্রত্যাবর্তনের এক মাসের মধ্যেই তারেক রহমানের কর্মকাণ্ডে দেখা গেছে স্পষ্ট পরিবর্তনের ছাপ। ব্যক্তিকেন্দ্রিক স্লোগান পরিহার, সাধারণ চেয়ার ব্যবহার, ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ, পরিবেশ ও পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব—এসব উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে। এমনকি সমাবেশের মঞ্চে সাধারণ মানুষকে নিজের আসনে বসানো কিংবা সরাসরি করমর্দনের মাধ্যমে কুশল বিনিময়—এসব দৃশ্য বাংলাদেশের রাজনীতিতে খুব একটা দেখা যায়নি।
নির্বাচনী প্রচারণায় আধুনিক প্রযুক্তির ব্যবহারেও নতুনত্ব এনেছেন তিনি। ডিজিটাল স্ক্রিন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার, ভার্চুয়াল প্রচারণা—সবকিছু মিলিয়ে মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর যোগাযোগ। তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে রিলস প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বও তার প্রচারণাকে করেছে আলাদা।
নীতিনির্ভর রাজনীতির ওপর জোর দিয়ে তারেক রহমান বেকারত্ব, কারিগরি শিক্ষা, কৃষি উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও সামাজিক মর্যাদার প্রশ্নে সুনির্দিষ্ট ভাবনা তুলে ধরছেন। একই সঙ্গে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরোধিতা করে জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছেন তিনি। তার বক্তব্যে প্রতিহিংসার বদলে ভবিষ্যৎমুখী রাজনীতির প্রতিফলন স্পষ্ট।
দলের শীর্ষ নেতারা মনে করছেন, তারেক রহমানের এই পরিবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্যও একটি নতুন অভিজ্ঞতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি নিজেকে একজন পরিপক্ব ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, যা বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে।
আগামী নির্বাচনের দিকে তাকিয়ে তারেক রহমানের এই ভিন্নধর্মী প্রচারণা বিএনপিকে কতটা জনসমর্থন এনে দিতে পারে, সেটিই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু।


















