জুলাই ৭, সিএমজি বাংলা ডেস্ক: সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি মানবিক ত্রাণ পাঠানোর জন্য চীনের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল।
সোমবার চীনা সরকারের পাঠানো প্রথম দফার জরুরি ত্রাণসামগ্রী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে মাইকেতিয়ায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এবং ভেনেজুয়েলায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লান হু ত্রাণসামগ্রী গ্রহণ করেন।
৮০ টনের বেশি ওজনের এই চালানে রয়েছে ২০টি বিদ্যুৎ জেনারেটর, ৮টি পানি পরিশোধন যান, ২০০টি জীবাণুনাশক ইউনিট, ২০০ সেট সৌর আলোকসজ্জা সরঞ্জাম, ১ হাজার ৭০০টির বেশি তাঁবু এবং ৬ হাজার ৭০০টিরও বেশি কম্বল।
ত্রাণ গ্রহণ অনুষ্ঠানে ইভান গিল বলেন, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ভেনেজুয়েলা যে আন্তর্জাতিক ত্রাণ পেয়েছে, তার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই সহায়তা চীন ও ভেনেজুয়েলার সর্বকালীন কৌশলগত অংশীদারত্বের একটি উজ্জ্বল উদাহরণ।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুর্যোগের পর থেকেই ভেনেজুয়েলায় বসবাসরত চীনা সম্প্রদায় এবং চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলো উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় তারা শুরু থেকেই উদ্ধার তৎপরতা, আশ্রয় প্রদান এবং দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে।
সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজার ৫৩৫ জন নিহত, ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এছাড়া দুর্যোগে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি: সিএমজি বাংলা












