আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রতিটি ব্যালট গণনা করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল সম্পন্ন করা সম্ভব হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব জানান, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে এবং পরের দিন শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
গণভোটের কারণে ভোট গণনায় তিন থেকে পাঁচ দিন সময় লাগতে পারে—এমন প্রচারণা সম্পর্কে তিনি বলেন, “ভোট গণনা শেষ করতে পাঁচ দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই। আমরা শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনা শেষ করব। আমাদের প্রতিটি ব্যালট গুনতে হবে, এই সময়টুকু দিতে হবে। সব আসনে ভোটার সমান নয়। তাছাড়া ভোট দ্রুত গণনা করে কর্মকর্তারাও বাড়ি যেতে চান, তাই কেউ ব্যালট নিয়ে বসে থাকবে না।”
ব্রিফিংয়ে আখতার আহমেদ আরও বলেন, “ভোট নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। নির্বাচনের বেশি সময় বাকি নেই। আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন প্রচার-প্রচারণা বন্ধ থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল প্রচারণা নিবিড়ভাবে মনিটরিং করা হবে।”
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো এবং মারাত্মক কোনো খবর পাওয়া যায়নি। তবে নির্বাচনি সহিংসতায় দুটি প্রাণহানির ঘটনাকে তিনি “দুঃখজনক ও নিন্দনীয়” বলে উল্লেখ করেন।
রাজনৈতিক নেতাদের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে ইসি সচিব বলেন, “মিছিল-মিটিংয়ে বক্তব্য ও পাল্টা বক্তব্য নির্বাচনেরই অংশ। এখন পর্যন্ত এসব বক্তব্য শালীনতার মধ্যেই আছে বলে আমরা মনে করি।”



















