শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ৬:৪০ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুর-১৬ আসনে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে গণসংযোগে নেমেছেন বিএনপির ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

শনিবার সকালে তিনি মিরপুর ৬ নম্বর এলাকার ‘ট’ ব্লকের বিভিন্ন গলি ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এসে তাকে ফুল দিয়ে স্বাগত জানান। গণসংযোগকালে আমিনুল হক এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার সংবলিত লিফলেট বিতরণ করেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। আমিনুল হক বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—কোনো মাদক কারবারি কিংবা চাঁদাবাজকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কেউ যদি অনৈতিক কর্মকাণ্ড, চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকে, তাহলে তার বিএনপির রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। এ ধরনের ব্যক্তির জন্য দলে কোনো জায়গা হবে না।

আমিনুল হক আরও বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানমূলক পরিকল্পনা প্রণয়ন করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সমর্থনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে এসব পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়া হবে।

নিজেকে জনগণের সেবক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তার কোনো ব্যক্তিগত সহকারী বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না। তিনি সবসময় জনগণের কাছে সহজলভ্য থাকবেন এবং সরাসরি তাদের সমস্যার কথা শুনবেন।

সর্বশেষ - খেলাধুলা