শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

কারো লাল চোখে ভয় নেই : জামায়াত আমির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর কর্তৃত্ব করতে চাই না, আবার আমাদের দেশ ও জনগণের ওপর কেউ কর্তৃত্ব চাপিয়ে দিক—তাও মেনে নেব না।”

শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

উত্তরাঞ্চলের নদ-নদীর দুরবস্থার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, “এই অঞ্চলের নদীগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। জনগণের সমর্থন ও আল্লাহর রহমতে যদি সুযোগ পাই, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। নদীর প্রাণ ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকাও ফিরবে।”

তিনি বলেন, “আমরা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। কাউকে ভাতা দিয়ে নির্ভরশীল বানাতে চাই না, বরং কাজের সুযোগ সৃষ্টি করে মানুষকে স্বাবলম্বী করতে চাই। আমরা আপনাদের বোঝা নয়, সম্পদে পরিণত করতে চাই।”

মানসম্মত স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশ ও এই মাটিকে আমরা ভালোবাসি। শত নির্যাতন ও জুলুমের মধ্যেও আমরা দেশ ছেড়ে যাইনি। আল্লাহ সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনা করতে চাই। বিশেষ করে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”

বক্তব্য শেষে জামায়াত আমির গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। উল্লেখ্য, এই পাঁচটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন; জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী সেখানে নেই।

প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই পাঁচজনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানত আপনারা ভোটের মাধ্যমে আমাদের ফিরিয়ে দেবেন।”

সর্বশেষ - খেলাধুলা