প্রযুক্তি জগতে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক। তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স অধিগ্রহণ করেছে তারই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই (xAI)-কে। এই একীভূতকরণের মাধ্যমে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানিতে পরিণত হলো স্পেসএক্স।
যদিও চুক্তির নির্দিষ্ট আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী প্রায় ১২৫ বিলিয়ন ডলার মূল্যমানের এক্সএআই এবং ১ ট্রিলিয়ন ডলার মূল্যমানের স্পেসএক্স একত্রিত হয়ে একটি শক্তিশালী ‘সুপার কোম্পানি’ গঠন করেছে।
ইলন মাস্ক এক অভ্যন্তরীণ মেমোতে এই একীভূতকরণকে একটি ‘উদ্ভাবনী ইঞ্জিন’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই সিদ্ধান্তের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেট প্রযুক্তি, মহাকাশভিত্তিক ইন্টারনেট এবং ডিজিটাল মিডিয়া—সবকিছু এক ছাতার নিচে চলে আসবে।
মাস্কের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো মহাকাশে ডেটা সেন্টার স্থাপন, যা ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তার বিপুল কম্পিউটিং চাহিদা পূরণ করবে। তার বিশ্বাস, মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তোলা এবং মহাবিশ্বজুড়ে মানব সভ্যতার বিস্তারে মহাকাশভিত্তিক এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০২২ সালে যাত্রা শুরু করা এক্সএআই-এর প্রধান পণ্য হলো ‘গ্রোক’ (Grok) নামের চ্যাটবট, যা এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। যদিও গ্রোকের ইমেজ জেনারেশন ফিচার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদন্ত চলছে, তবুও বিনিয়োগকারীদের কাছে এক্সএআই-এর আকর্ষণ কমেনি।
উল্লেখযোগ্যভাবে, গত মাসেই মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এক্সএআই-তে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। মাস্ক টেসলার কারখানাগুলোতে স্বায়ত্তশাসিত রোবট পরিচালনার জন্য এক্সএআই-কে একটি ‘অরকেস্ট্রা কন্ডাক্টর’ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন।
বাজার বিশ্লেষকদের মতে, স্পেসএক্স ভবিষ্যতে শেয়ারবাজারে আইপিও ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবেই এই একীভূতকরণের পথে হেঁটেছে। পিচবুকের জ্যেষ্ঠ বিশ্লেষক এমিলি ঝেং বলেন, এআই ও মহাকাশ অবকাঠামোর বিপুল ব্যয় মেটাতে পাবলিক বিনিয়োগকারীদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতেই মাস্ক এই ‘সুপার কোম্পানি’ গড়ে তুলছেন।
নিউরালিঙ্ক ও দ্য বোরিং কোম্পানি ছাড়া এখন ইলন মাস্কের প্রায় সব বড় ব্যবসা কার্যত একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেল—যা প্রযুক্তি দুনিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
সূত্র: বিবিসি



















