ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৫১৯ জনই ঋণগ্রহীতা, যা মোট প্রার্থীর ২৫ দশমিক ৬২ শতাংশ। এদের মধ্যে পাঁচ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন ৭৫ জন প্রার্থী, যা ঋণগ্রহীতা প্রার্থীদের মধ্যে ১৪ দশমিক ৪৫ শতাংশ।
সবচেয়ে বেশি ঋণগ্রহীতা প্রার্থী রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর। দলটির ১৬৭ জন প্রার্থী ঋণগ্রহীতা, যা মোট ঋণগ্রহীতা প্রার্থীর ৩২ দশমিক ১৭ শতাংশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সুশাসনের জন্য নাগরিক—সুজন আয়োজিত
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীর সংখ্যা কিছুটা কমেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীর হার ছিল ২২ দশমিক ৮৩ শতাংশ, যা এবারের নির্বাচনে কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৯৩ শতাংশে।
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় প্রার্থীদের তথ্য উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।



















