ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যারা আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছে, তারা আসলে স্বার্থন্বেষী মহল। তারা দাঁড়িপাল্লাকে ইনসাফের প্রতীক বলে প্রচার করছে। কিন্তু প্রশ্ন হলো—কোন ইনসাফ? দাঁড়িপাল্লার তো দুইটি পাল্লা। এক পাল্লায় গোপনে রয়েছে আমেরিকা, আরেক পাল্লায় গোপনে রয়েছে ভারত।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ চাই না, আমরা ভারতের ইনসাফও চাই না। আমরা ইসলামের ইনসাফ চাই।’
নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে রেজাউল করীম বলেন, বিএনপি কিংবা জামায়াত—কেউই বলেনি তারা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। তারা সবাই বলেছে প্রচলিত ধারার রাষ্ট্রব্যবস্থার কথা। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—ক্ষমতায় গেলে তারা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি বলেন, ৫৪ বছর ধরে দেশ স্বাধীন হলেও প্রচলিত এই আইনের কারণেই দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং বাংলাদেশ চোরের দেশে পরিণত হয়েছে। এই আইনের কারণেই হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে উঠেছে। একই আইনের কারণে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রেজাউল করীম আরও বলেন,
‘আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারবো না। আমরা দেখেছি—আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি ঘর ছেড়ে পালায়, আবার বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। কিন্তু ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।’
এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট চেয়ে বলেন, হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটি ভোটও পড়ে, তাহলে তা ইসলামের পক্ষে একটি শক্তি বৃদ্ধি করে। তাই নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলার পাবলিক মাঠে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির সভাপতি এবং হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।
সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্যসচিব আবুল হোসেন হাওলাদার, এবং মাওলানা নুরুল আমিনসহ অন্যান্য নেতারা।












