আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে একটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এ তথ্য নিশ্চিত করেন।
সফরসূচি অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর তিনি বরিশালের মাটিতে সশরীরে রাজনৈতিক বক্তব্য দিতে যাচ্ছেন। এ সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, ২৯ জানুয়ারি দিবাগত রাতে দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে সফরসূচি চূড়ান্ত করার বিষয়টি তাকে জানানো হয়। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি তারেক রহমান যশোর থেকে সড়ক বা আকাশপথে বরিশালের উদ্দেশে যাত্রা করবেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি ঠিক কোন মাধ্যমে যাতায়াত করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এই সফর সফল করতে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীসহ বিভাগীয়, মহানগর এবং আটটি জেলার শীর্ষ নেতাদের জরুরি প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে বড় ধরনের লোকসমাগমের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি।
উল্লেখ্য, এর আগে ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরের কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে সেই তারিখটিও বাতিল করা হয়। কয়েক দিন নতুন কোনো তারিখ ঘোষণা না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
অবশেষে ৪ ফেব্রুয়ারি তারিখ চূড়ান্ত হওয়ায় সেই সংশয় কেটেছে। তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন, তখন তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। প্রায় ২০ বছর পর এবার দলের চেয়ারম্যান হিসেবে বরিশালে ফিরছেন তিনি—যা স্থানীয় নেতা-কর্মীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিএনপির স্থানীয় নেতাদের মতে, জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর নেতা-কর্মীদের মনোবল বহুগুণ বাড়াবে। ইতোমধ্যে বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠ ও আশপাশের এলাকায় সাজসাজ রব লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, বিভাগীয় এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্বাচনকালীন উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে বরিশাল থেকে তারেক রহমান দক্ষিণাঞ্চলের মানুষের উদ্দেশে কী বার্তা দেন—সে দিকেই এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা। জনসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গেও সমন্বয় করছে বিএনপি।



















