শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চায়না কর্ণার
  8. ছবি
  9. জনপ্রিয়
  10. জাতীয়
  11. ডেঙ্গু
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. প্রযুক্তি

শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

শেরপুরে শয়নকক্ষের দরজা ভেঙে শাহীনুল ইসলাম (৪৩) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শেরপুর পৌর শহরের গৃর্দানারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহীনুল ইসলাম পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি এক ছেলে সন্তানের জনক।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা প্রাথমিকভাবে জানান, ঘটনাটি মানসিক সমস্যাজনিত আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা তথ্য

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে এএসআই শাহীনুল ইসলাম শেরপুর সদর থানায় যোগদান করেন। তিনি সদর থানার সামনেই রাস্তার অপর পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস করতেন।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে তার স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে যান। দুপুর আনুমানিক ২টার দিকে ডিউটি শেষে শাহীনুল ইসলাম বাসায় ফিরলেও পরে তিনি স্ত্রীর ফোন কল রিসিভ করছিলেন না।

রাতে স্ত্রী স্বজনদের নিয়ে বাসায় ফিরে দেখেন, শাহীনুলের শয়নকক্ষটি ভেতর থেকে আটকানো। বাইরে থেকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্বজনদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় শাহীনুল ইসলামকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনাস্থল পরিদর্শন

খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

পরিবারের বক্তব্য

নিহত শাহীনুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম জানান, তার স্বামীর কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি নিয়মিত মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতেন।

পুলিশের বক্তব্য

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “তাকে দেখে কখনো মনে হয়নি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা জানান, খবর পেয়ে শাহীনুল ইসলামকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - খেলাধুলা