মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের জবাবদিহিতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
সভায় সাংবাদিকরা জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন রমজানে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত পুলিশের সুপারের কাছে প্রশ্ন রাখেন।
এ সময় পুলিশ সুপার বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্যবিহীন সমাজ ও বাংলাদেশ গড়ে তোলা। এর পূর্ব শর্ত হচ্ছে আইনশৃঙ্খলার উন্নতি, জনগণের চাহিদা অনুযায়ী তাদের পুলিশি সেবা প্রদান করা। অপরাধের সাথে যেই জড়িত হোক না কেন, সে পুলিশ সদস্য হলেও কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি জেলায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যাসমূহ দূর করা সম্ভব।
সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, বাংলাভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, আমার দেশের জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, দৈনিক রুপালী বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক এম শাহজাহান মিয়া প্রমুখ।


















