জাপান ও ফিলিপাইনের কথিত অবৈধ আগ্রাসন উপেক্ষা করা এবং বিচ্ছিন্নতাবাদী ধারণা প্রচারের অভিযোগে তাইওয়ানের ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) তীব্র সমালোচনা করেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেংলিয়েন।
বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুখপাত্র তাইওয়ানের নেতা লাই ছিং-তের সাম্প্রতিক বিচ্ছিন্নতাবাদী বক্তব্য সম্পর্কে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।
চু বলেন, ‘চীনকে পাশ কাটিয়ে জাপান ও ফিলিপাইনের তথাকথিত সামুদ্রিক সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনা শুরু করা জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (ইউএনক্লস), অন্যান্য আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনাকারী মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন। এটি চীনের সামুদ্রিক অধিকার ও স্বার্থকেও মারাত্মকভাবে ক্ষুণ্ন করে।‘
মুখপাত্র আরও বলেন, ‘মূল ভূখণ্ডের সংশ্লিষ্ট বিভাগগুলো আইন অনুযায়ী সংশ্লিষ্ট জলসীমায় আইন প্রয়োগকারী টহল পরিচালনা করছে, যা ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয়। জাতীয় সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষার জন্য এটি একটি বৈধ পদক্ষেপ।‘
ডিপিপি কর্তৃপক্ষের সমালোচনা করে চু বলেন, “ডিপিপি কর্তৃপক্ষ জাপান ও ফিলিপাইনের লঙ্ঘনমূলক কর্মকাণ্ডের প্রতি চোখ ও কান দুটোই বন্ধ করে রেখেছে। পরিবর্তে তারা ‘তাইওয়ানের বিচ্ছিন্নতা’ সংক্রান্ত ভ্রান্ত ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এবং ‘চীনবিরোধী’ মনোভাব উসকে দিতে এ ঘটনাকে কাজে লাগাচ্ছে।“
সিএমজি বাংলা









