যুক্তরাষ্ট্রে ফ্রি অ্যাপ ডাউনলোড তালিকার শীর্ষে উঠে এসেছে চীনের নিজস্ব এআই মডেল ডিপসিক। একই সঙ্গে পূর্বে শীর্ষস্থানে থাকা চ্যাটজিপিটিকেও পেছনে ফেলেছে। পাশাপাশি এটি চীনের ফ্রি অ্যাপ তালিকাতেও শীর্ষ স্থান দখল করেছে। চায়না ডেইলির খবরে জানা গেল এ তথ্য।
২০ জানুয়ারি, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক তাদের সর্বশেষ এআই মডেল, ডিপসিক-আর১ আনুষ্ঠানিকভাবে চালু করে।
আন্তর্জাতিক লার্জ মডেল লিডারবোর্ড এরিনা তাদের শুক্রবারের বেঞ্চমার্ক পরীক্ষায় ডিপসিক-আর১’কে সব ক্যাটাগরিতে রেখেছিল তৃতীয় অবস্থানে। স্টাইল কন্ট্রোল মডেল বিভাগে এটি ওপেন এআই-এর ০১-এর সঙ্গে যৌথভাবে প্রথম স্থান দখল করে।
ডিপসিক এরই মধ্যে পশ্চিমা প্রযুক্তি খাতে আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং তৈরি করা হয়েছে বেশ কম খরচে।
পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীনের তুলনায় এগিয়ে থাকলেও, ডিপসিকের এআই মডেল এই ভারসাম্যের সমীকরণ বদলে দিতে পারে।
শুক্রবার, মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, তারা লুইজিয়ানাতে তাদের সর্বশেষ এআই মডেল, এললামা-৪ চালানোর জন্য একটি বিশাল ডেটা সেন্টার তৈরি করতে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করবে।
এদিকে, ডিপসিকের ঘোষণার পর এআই চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ার মূল্য ৩.১২ শতাংশ কমেছে। যা তাদের সবচেয়ে বড় একদিনের পতন।
তথ্য: চায়না মিডিয়া গ্রুপ



















