ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার হামজা চৌধুরী। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের চোটের খবরে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলও।
কারণ আগামী মাসে বাংলাদেশ দলের সামনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ—একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং অন্যটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী এই ম্যাচগুলো খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
গত শনিবার লেস্টার সিটির হয়ে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন হামজা। ম্যাচের প্রায় আধা ঘণ্টা পর হাঁটুতে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের এই মিডফিল্ডারকে।
ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন,
“দ্রুত সময়ের মধ্যে হামজাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।”
তিনি হামজার হাঁটুর স্ক্যান করানোর কথাও জানান।
এদিকে লেস্টার সিটি ভিত্তিক কয়েকটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এমসিএল (MCL) ইনজুরিতে ভুগছেন হামজা চৌধুরী। এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে আশার কথা, এই ইনজুরির জন্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানা গেছে।
চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে হামজার চোট ব্যবস্থাপনার পুরো দায়িত্ব থাকবে লেস্টার সিটির মেডিকেল টিমের ওপর। তবে তার সেরে ওঠার প্রক্রিয়ার দিকে নিবিড়ভাবে নজর রাখবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সূত্র জানিয়েছে, বাংলাদেশ দল আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনাও রয়েছে।
এই দুটি ম্যাচে হামজার অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলা না গেলেও, তার ইনজুরি নিঃসন্দেহে বাংলাদেশের প্রস্তুতিতে চিন্তার ভাঁজ ফেলেছে।


















