সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের দুই কৃষককে হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৮ জনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় দিয়েছেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চক পাঙ্গাসী গ্রামের হাসানুর হাসু (৪৮), একই গ্রামের কাওছার আলী, মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চক পাঙ্গাসী গ্রামের আশরাফ আলী (৫২), মোতালেব হোসেন (৪৫), রেজাউল হোসেন (৩৫), দুলাল শেখ (৩৬), মনিরুল ইসলাম (৩৫), সাদ্দাম শেখ (৩০) বেল্লাল হোসেন (৫৫) ও আওয়াল শেখ (৩৫)।
মামলার এজহার সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার চক-পাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের সাথে একই গ্রামের আবুল কালামের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এই বিরোধের জেরে ২০১৭ সালের ২১ জানুয়ারি আবুল কালাম গ্রুপের লোকজন সাইফুল ইসলামের গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এই হামলায় আবু সাইদ, সাইফুল ইসলাম, সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেন আহত হন। ওই সময় তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাইফুল ইসলাম ও মকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।
পরে শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।




















